প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ফেয়ারওয়েল ও রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের স্প্রিং ২০২৬ সেমিস্টারের ফেয়ারওয়েল ও রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ৪৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোসেন সিকদার এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ বলতে গেলে দেশের প্রথম অ্যাক্রেডিটেশন পাওয়া ইংরেজি বিভাগ, যা আমাদের জন্য এক অনন্য গৌরব। এখানে মানসম্মত মূল একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহশিক্ষা কার্যক্রম সমান গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “শিক্ষাজীবনে কেবল ভালো ফলাফলে সীমাবদ্ধ থাকলে চলবে না; নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দক্ষ বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোসেন সিকদার বলেন, বিদায়ী শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ সফল কর্মজীবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সক্রিয় থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর যুগেও ইংরেজি ভাষা ও সাহিত্যের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা অপরিসীম। তিনি শিক্ষার্থীদের গতানুগতিকতার বাইরে গিয়ে স্বাধীন চিন্তা প্রকাশ এবং সেই চিন্তাশীলতা দিয়ে নিজের জীবন ও ভবিষ্যৎ পরিচালনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন নবাগত শিক্ষার্থীদের সামনে বিদায়ী ব্যাচের অনন্য অবদান তুলে ধরেন। তিনি বিদায়ী ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাম্প্রতিক বন্যায় ত্রাণ তৎপরতাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন এবং নবীনদের এসব অনুকরণীয় দৃষ্টান্ত অনুসরণের পরামর্শ দেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব সঞ্চালনা করেন ৪১তম ব্যাচের শিক্ষার্থী ইরফান মালিক। ৪১ ও ৪২তম ব্যাচের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত শিক্ষার্থী স্মরণিকা ‘ব্রিকোলাজ’-এর মোড়ক উন্মোচন করা হয়। স্মরণিকাটির সম্পাদক ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে একক সংগীত, দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। এছাড়াও অতিথি শিল্পী হিসেবে ‘ওয়ার্নিং’ ব্যান্ডের মনোজ্ঞ সংগীত পরিবেশনা ছিল। বিদায়ী ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দ, আবেগ ও উৎসবমুখর আবহে রূপ নেয়।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, ড. আবদুর রহিম, সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক জনাব সুমিত চৌধুরীসহ বিভাগের সকল শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ফেয়ারওয়েল ও রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত