প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম |
প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিএ (অনার্স) প্রোগ্রামের ৪৮তম ব্যাচ ও মাস্টার্স প্রোগ্রামের ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে| ১০ মে ২০২৬, রবিবার, বেলা ২টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার| ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর জনাব সাদাত জামান খান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. আবদুর রহিম, কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব জুলিয়া পারভীন, এমএ ইন ইংলিশের কো-অর্ডিনেটর জনাব কোহিনূর আকতার এবং ৪৮তম ব্যাচের কো-অর্ডিনেটর জনাব সারাহ ঈশিতা| ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব জনাব মোহাম্মদ রাসেলুল কাদের|
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি প্রোগ্রামে কিছু ব্যতিক্রমী সুযোগ-সুবিধা রয়েছে| এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ| তাঁরা শিক্ষার্থীদের জন্য খুবই আন্তরিক ও দিকনির্দেশক| তাঁরা ভালোভাবে পাঠদান করে থাকেন| সুতরাং আমি মনে করি, আজকের নবীন শিক্ষার্থীরা ইংরেজি বিভাগে ভর্তি হয়ে উত্তম কাজ করেছে| তিনি ইংরেজি বিভাগকে ক্রিয়েটিভ, ইনোভেটিভ ও নলেজেবল উল্লেখ করে বলেন, নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার ও এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসে অংশগ্রহণ করতে হবে এবং বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনে মনোনিবেশ করতে হবে|
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহীত উল আলম প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ তাঁর হাত ধরে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ইতিহাস ব্যক্ত করেন| তিনি বলেন, দেশ-বিদেশের বিভিন্ন পেশাগত ক্ষেত্রে এই বিভাগের অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল অবস্থানে আছে| আমি বিশ্বাস করি, আজকের নবীন শিক্ষার্থীরা কঠিন পরিশ্রমের মাধ্যমে অধ্যয়ন করলে তারাও জীবনে সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে| তিনি জ্ঞান অন্বেষণে আগ্রহ সৃষ্টির ওপর গুরুত্ব দেন|
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী ক্যাম্পাসে শৃঙ্খলা ও শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন| তিনি স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট নিয়ে আলোকপাত করেন|
জনাব সাদাত জামান খান তাঁর বক্তব্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস ও আমেরিকান কর্নারের কার্যক্রম এবং এই কার্যালয়গুলো থেকে নবীন শিক্ষার্থীরা কী সহায়তা পেতে পারে, তা বিস্তারিত তুলে ধরেন|
ড. আবদুর রহিম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও ˆনতিকতার ওপর গুরুত্বারোপ করেন| তিনি বলেন, শিক্ষার্থীদের নানান সমস্যা সমাধান ও সুযোগ-সুবিধা বিষয়ে ছাত্রকল্যাণ বিভাগ কাজ করে যাচ্ছে|
কমপ্লেইন্ট কমিটির সদস্য জনাব জুলিয়া পারভীন যৌন হয়রানি ও ইভটিজিং প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন|
এমএ ইন ইংলিশের কো-অর্ডিনেটর জনাব কোহিনূর আকতার বলেন, শিক্ষার শেষ নেই| সারাজীবন ধরে শিক্ষা অর্জন করতে হয়| তিনি নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান|
৪৮তম ব্যাচের কো-অর্ডিনেটর জনাব সারাহ ঈশিতা ইংরেজি বিভাগের শিক্ষাকার্যক্রম, কোর্স কারিকুলাম, ভর্তি প্রক্রিয়া, এনরোলমেন্ট প্রক্রিয়া, কোর্স সংক্রান্ত তথ্যাবলী ও সুনির্দিষ্ট শিক্ষক-তথ্য প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন|
ওরিয়েন্টেশন স্পিকার জনাব মোহাম্মদ রাসেলুল কাদের তাঁর পেশাগত জীবনের আলোকে কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন করতে হবে, তা তুলে ধরেন| তিনি উন্নত ক্যারিয়ার গঠনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল না হয়ে, নিজের সৃজনশীলতা নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন|
এছাড়াও লাইব্রেরিয়ান জনাব মো. কাউসার আলম ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জনাব ইয়াকুব আলী বক্তব্য রাখেন|
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন বলেন, শুধু ভর্তি হলেই হবে না| নিজেকে উন্নত করতে তোমাকেই গভীর অধ্যয়নের মাধ্যমে চেষ্টা করতে হবে|
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মাহাদী রহমান| এতে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ| অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়|
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম |